হেলেনা ফেরদৌসী। জন্ম ঢাকায়, ১৯৬৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৮৬ সালে অনার্স ও ১৯৮৭ সালে মাস্টার্স ডিগ্রী লাভকরেন। একই বিভাগের অধীনে ২০০৭ সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি দীর্ঘ সাতাশ বছর যাবত শিক্ষকতায় যুক্ত আছেন।
১৯৯২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে প্রভাষক পদে যোগদান করে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি উক্ত বিভাগে কর্মরত ছিলেন। একই বছরে অক্টোবর মাসে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে কর্মরত আছেন।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সময় তিনি প্রশাসনিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঁচবার চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেছেন।
দেশের বিভিন্ন একাডেমিক জার্নালে তাঁর বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের প্রধান সম্পাদক ও সহযোগী সম্পাদক হিসাবে গবেষণা প্রবন্ধ প্রকাশে ভূমিকা রেখেছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জার্নালিজম ফেলোশিপের জুরি সদস্য হিসাবে বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন স্থানে গবেষণাকর্মের সমন্বয়ক ও রিসোর্স পারসন হিসাবে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।