দক্ষিণ আফ্রিকান ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক ও অনুবাদক জে এম কোয়েটজি (জন ম্যাক্সওয়েল কোয়েটজি)-এর জন্ম ১৯৪০ সালের ৯ ফেব্রুয়ারি কেপটাউনে। তার পূর্ব পুরুষরা ছিলেন দক্ষিণ আফ্রিকায় ১৭শতকের ডাচ বসতি স্থাপনকারী। বাবা ছিলেন আইনজিবী, মা বিদ্যালয়ের শিক্ষক। কোয়েটজি কেপটাউন বিশ্ববিদ্যালয়ে গণিত ও সাহিত্য বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। স্নাতক হওয়ার পর চলে যান ইংল্যান্ডে এবং লন্ডনে একজন অ্যাপলিকেন্স প্রোগ্রামার হিসেবে কাজ করেন (১৯৬২-৬৩)। লন্ডন থেকে চলে আসেন বার্কশায়ারের ব্র্যাকনেলে, সেখানে একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করেন সিস্টেমস প্রোগ্রামার হিসেবে।
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কোয়েটজি। ১৯৬৮ থেকে ১৯৭১ পর্যন্ত বাফেলোর স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করেন। বাফেলোতে অবস্থানকালেই লিখতে শুরু করেন তার প্রথম বই ডাস্কল্যান্ডস (১৯৭৪), দুটি ছোট আয়তনের উপন্যাস নিয়ে এই বই, যার একটি দ্য ন্যারেটিভ অব জ্যাকোবাস কোয়েটজি।
১৯৭২ সালে কেপটাউন বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগ দেন কোয়েটজি। পরে সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন।
২০০২ সাল থেকে তার সঙ্গিনী অধ্যাপক ডরোথি ড্রাইভারের সঙ্গে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন কোয়েটজি। তার সাহিত্যকর্মের মধ্যে ডাস্কল্যান্ডস ছাড়াও ইন দ্য হার্ট অব দ্য কান্ট্রি (১৯৭৭), ওয়েটিং ফর দ্য বারবারিয়ানস (১৯৮০), লাইফ অ্যান্ড টাইমস অব মাইকেল কে (১৯৮৩), ফো (১৯৮৬) দ্য মাস্টার অব পিটার্সবুর্গ (১৯৯৪) বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া তার কয়েকটি প্রবন্ধগ্রন্থও রয়েছে। দু'বার বুকার পুরস্কার ও ২০০৩ সালের নোবেল পুরস্কার ছাড়াও জিওফ্রি ফেবার মেমোরিয়াল প্রাইজ ও জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ পেয়েছেন কোয়েটজি।